প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

•

বিষয়

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনের (জিআইজেসি২৭) আগাম টিকিট বিক্রি শুরু

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ১৫তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সের (জিআইজেসি২৭) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য আগাম টিকিট বা আর্লি বার্ড টিকিট কেনা যাবে ১৫ মার্চ, ২০২৭ পর্যন্ত।

২০২৭ সালের ২০ থেকে ২৩ অক্টোবর নেদারল্যান্ডসের রটারডামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর থাকবে সম্মেলন-পূর্ব কার্যক্রম।

জিআইজেএন-এর সঙ্গে সম্মেলনটির আয়োজক হিসেবে রয়েছে ডাচ-ফ্লেমিশ অ্যাসোসিয়েশন অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (ভিভিওজে)। সহযোগী আঞ্চলিক অংশীদার হিসেবে রয়েছে জার্নালিজমফান্ড ইউরোপ এবং ফ্রি প্রেস আনলিমিটেড।

অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক মিলনমেলা

প্রতি দুই বছর পরপর অনুষ্ঠেয় গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (জিআইজেসি) অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকদের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমাবেশ। এবারের সম্মেলনের ভেন্যু রটারডাম শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক কনসার্ট ও কনফারেন্স সেন্টার দ্য দ্যোলেন আইসিসি রটারডাম।

১৯ অক্টোবর প্রি কনফারেন্স সেশন থেকে শুরু করে ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মূল কনফারেন্সে প্রতিদিন বিশেষজ্ঞদের পরিচালনায় বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা, কর্মশালা এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ থাকবে। পুলিৎজারসহ আন্তর্জাতিক পুরস্কারজয়ী সাংবাদিক, ডেটা সাংবাদিকতার অগ্রদূত এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার উন্মোচনকারী অনুসন্ধানী সাংবাদিকদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

জিআইজেসি২৫ সম্মেলনে ছিলেন১৩৫টি দেশ ও অঞ্চলের ১,৫০০-এর বেশি সাংবাদিক

২০২৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিআইজেসি২৫-এ ১৩৫টি দেশ ও অঞ্চল থেকে ১,৫০০-এর বেশি সাংবাদিক অংশ নেন। প্রায় ১০০টি দেশের প্রতিনিধিত্বকারী প্রায় ৪০০ বক্তা ওই সম্মেলনে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন দুই নোবেলজয়ী—মারিয়া রেসা ও জোসেফ স্টিগলিটজ। সম্মেলনে ১৫০টির বেশি ব্যবহারিক প্যানেল ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলনের গুরুত্বপূর্ণ সুযোগ ও সময়সীমা

১. সেশন ও প্যানেলের প্রস্তাব জমা

অনুসন্ধানী সাংবাদিকতার প্রকল্প, দক্ষতা উন্নয়ন কিংবা নিউজরুমের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে—এমন নতুন ও কার্যকর সেশন প্রস্তাব আহ্বান করা হয়েছে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতার টুল, পদ্ধতি, ব্যবহারিক কৌশল এবং কঠিন সংবাদমাধ্যম পরিবেশে কাজের অভিজ্ঞতাভিত্তিক প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হবে।

শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৭।

২. ফেলোশিপের আবেদন

জিআইজেসি২৭-এও সাংবাদিকদের জন্য ফেলোশিপের সুযোগ থাকবে। এর আওতায় রটারডামে যাতায়াতের বিমানভাড়া, চার রাতের হোটেল, সম্মেলনের নিবন্ধন ফি এবং অন্যান্য কিছু খরচ অন্তর্ভুক্ত থাকবে।

গ্লোবাল সাউথের পূর্ণকালীন সাংবাদিক, যাঁদের ইংরেজিতে কাজ করার দক্ষতা রয়েছে, এবং ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব পাওয়া গোষ্ঠীর সাংবাদিকদের এই সুযোগের জন্য বিবেচনা করা হবে।

ফেলোশিপ আবেদন ফরম  ও যোগ্যতা

– আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৭।

৩. গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড

উন্নয়নশীল বা রূপান্তরশীল দেশে প্রতিকূল, কঠিন কিংবা হুমকিপূর্ণ পরিস্থিতিতে তৈরি অসাধারণ অনুসন্ধানী প্রতিবেদনকে স্বীকৃতি দিতে জিআইজেএন-এর গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ডের জন্যও আবেদন নেওয়া হচ্ছে।

পুরস্কারের দুটি বিভাগ রয়েছে:

  • ছোট ও মাঝারি সংবাদমাধ্যম।
  • বড় সংবাদমাধ্যম—যেখানে ২০ জনের বেশি কর্মী রয়েছেন।

প্রধান বিজয়ীরা পাবেন ২,৫০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার এবং রটারডামে সম্মেলনে অংশ নিয়ে আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে পুরস্কার গ্রহণের সুযোগ।

এবারের পুরস্কারের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন বিবেচনা করা হবে।

– প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৭।

নিবন্ধন ও বিস্তারিত তথ্য

জিআইজেসি২৭-এর নিবন্ধন, ফেলোশিপ, পুরস্কার এবং সম্মেলনের সর্বশেষ তথ্য জানতে জিআইজেএন-এর ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

নিবন্ধন: জিআইজেসি-এর টিকিট ও নিবন্ধন

সম্মেলনের তথ্য: জিআইজেসি২৭ এর তারিখ ও সম্মেলন সংক্রান্ত ঘোষণা

বিশেষ দ্রষ্টব্য : বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকদের দক্ষতা, জ্ঞান ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে  জিআইজেসি২৭ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের আগাম নিবন্ধন, ফেলোশিপ ও পুরস্কারের নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।

 

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

জিআইজেসি২৭

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

জিআইজেএন ঘোষণা করেছে জিআইজেসি২৭-এর তারিখ। ২০২৭ সালের ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক এ সম্মেলন।  সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর প্রাক-সম্মেলন দিবস অনুষ্ঠিত হবে।

জলবায়ু

জলবায়ু নিয়ে সাংবাদিকদের দুর্দান্ত কিছু অনুসন্ধানী প্রতিবেদনের পেছনের গল্প

এখানে চারটি অনুসন্ধানের নেপথ্যের গল্প তুলে ধরা হয়েছে। এই অনুসন্ধানগুলো দেখায়, জলবায়ুবিষয়ক সাংবাদিকতা নিয়ে ভালো প্রতিবেদন তৈরি করতে শুধু তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলেই হয় না, মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কথা বলা এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নেওয়াও জরুরি।

সংবাদ ও বিশ্লেষণ

নির্বাসনে থেকে সাংবাদিকতা: তথ্য যাচাই, সোর্সের সুরক্ষা ও বিশ্বাসযোগ্যতার মধ্যে ভারসাম্য বজায় রাখার কৌশল কেমন হবে

নিজ দেশ থেকে শত শত বা হাজার হাজার মাইল দূরে বসে একটি সংবাদমাধ্যম পরিচালনা করা তাৎক্ষণিকভাবেই বড় চ্যালেঞ্জ তৈরি করে। সাংবাদিকেরা যখন নিরাপদে সরেজমিনে গিয়ে কাজ করতে পারেন না, তখন কীভাবে তারা পাঠকদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেবেন?

পদ্ধতি

রিপোর্টারের নোটবুক: যারা নিজেকে আড়ালে রাখতে চান, তাদের খুঁজে বের করার কৌশল শিখুন

আপনার কাছে হয়তো কারও পুরোনো ফোন নম্বর, একটি নাম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো পোস্টের পেছনে থাকা একটি মুখের ছবি আছে। এই ধরনের বিচ্ছিন্ন সূত্র একত্র করে কোনো ব্যক্তির বিস্তারিত তথ্যভান্ডার তৈরি করতে হলে একটি সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করতে হয়।