প্রবেশগম্যতা সেটিংস

ছবি: জিআইজেএন

লেখাপত্র

•

বিষয়

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন জিআইজেসি২৭-এর ওয়েবসাইট চালু ও তারিখ ঘোষণা করেছে জিআইজেএন

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

অনুসন্ধানী সাংবাদিক ও সম্পাদকদের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন)। এই সম্মেলনের ১৫তম সংষ্করণ জিআইজেসি২৭। যেখানে অনুসন্ধানী সাংবাদিকতার সর্বশেষ কৌশল ও পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ, আধুনিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মশালা, বিস্তৃত নেটওয়ার্কিং এবং ভাবনা বিনিময়ের বিভিন্ন সেশন থাকবে। ২০২৭ সালের ২০ অক্টোবর, বুধবার থেকে ২৩ অক্টোবর, শনিবার পর্যন্ত নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত হবে জিআইজেসি২৭। সম্মেলন শুরুর আগে ১৯ অক্টোবর, মঙ্গলবার প্রাক-সম্মেলন দিবস (প্রি-কনফারেন্স ডে) অনুষ্ঠিত হবে।

জিআইজেএন সম্প্রতি জিআইজেসি২৭-এর ওয়েবসাইট (gijc2027.org) চালু করেছে। যেখানে সাংবাদিকেরা আসন্ন আয়োজন এবং আয়োজক শহর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইটটির মাধ্যমে প্যানেল আলোচনার জন্য নিজেদের ধারণার ওপর প্রস্তাবনা জমা, ফেলোশিপের জন্য আবেদন, সম্মেলনে অংশ নিতে নিবন্ধন এবং গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ডের (জিএসএলএ) জন্য অনুসন্ধানী প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

জিআইজেসি২৭-এর সম্মেলন অনুষ্ঠিত হবে ডি ডোলেন আইসিসি রটারডামে। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিখ্যাত কনসার্ট ও কংগ্রেস সেন্টার। কেন্দ্রীয় অবস্থানে থাকা এই ভেন্যুতে ৩০টিরও বেশি হল রয়েছে। ফলে ১৫০ জনের ছোট পরিসরের সিম্পোজিয়াম থেকে শুরু করে ৩ হাজার অতিথির বড় সম্মেলন, এমন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক আয়োজন ও সম্মেলনের জন্য এটি উপযুক্ত।

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আনন্দের সঙ্গে জানাচ্ছে, জিআইজেসি২৭-এর স্থানীয় সহআয়োজক হিসেবে থাকছে ডি ফেরেনিগিং ফান অন্ডারজুকসজার্নালিস্টেন (ভিভিওজে)—ডাচ-ফ্লেমিশ অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন। ২০০৫ সালে আমস্টারডামে অনুষ্ঠিত তৃতীয় বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনের আয়োজক ছিল ভিভিওজে। ২০০২ সালে প্রতিষ্ঠিত ভিভিওজে এই অঞ্চলে মানসম্মত অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিবছর সংগঠনটি ডি লুপ (‘দ্য ম্যাগনিফাইং গ্লাস’) পুরস্কারের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার সেরা কাজগুলোকে স্বীকৃতি দেয়। ভিভিওজে আঞ্চলিক অংশীদার জার্নালিজমফান্ড ইউরোপ এবং ফ্রি প্রেস আনলিমিটেডের সঙ্গে সমন্বয় করে জিআইজেসি২৭-এর আয়োজন করবে।

জিআইএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ-স্ট্রাক বলেন, “আগামী বছর জিআইএনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সংগঠন ডাচ-ফ্লেমিশ অনুসন্ধানী সাংবাদিক সমিতি (ফেরেনিগিং ফান অন্ডারজুকসজার্নালিস্টেন—ভিভিওজে)-এর সঙ্গে জার্নালিজমফান্ড ইউরোপ এবং ফ্রি প্রেস আনলিমিটেডের অংশীদারত্বে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনের সহআয়োজক হতে পেরে আমরা সম্মানিত। আমরা আশা করছি, জিআইজেসি২৭ হবে সংহতি ও জ্ঞান ভাগাভাগির পরিসর। ব্যবহারিক সেশন ও কর্মশালার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে। এর মধ্য দিয়ে আমরা সবাই মিলে অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ গঠন করবো। রটারডামে সবার সঙ্গে দেখা করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি!”

“আমরা যখন গণতন্ত্রের অবক্ষয় ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান হুমকি প্রত্যক্ষ করছি, তখন জনস্বার্থসংশ্লিষ্ট এবং বিশ্বজুড়ে নাগরিকদের তথ্য জানানোর উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা ও ক্ষমতার জবাবদিহি আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ,” ডিয়াজ-স্ট্রাক যোগ করেন।

logo for De Vereniging van Onderzoeksjournalisten (VVOJ) – the Dutch-Flemish Association of Investigative Journalists

ডি ফেরেনিগিং ফান অন্ডারজুকসজার্নালিস্টেন (ভিভিওজে)— ডাচ-ফ্লেমিশ অনুসন্ধানী সাংবাদিক সমিতি—রটারডামে জিআইজেসি২৭-এর সহআয়োজক হিসেবে থাকবে। এর আগে সংগঠনটি আমস্টারডামে অনুষ্ঠিত জিআইজেসি০৫-এরও সহআয়োজক ছিল। ছবি: ভিভিওজে

ভিভিওজের বোর্ড চেয়ার ডেবোরা ভটকিনও একই মত প্রকাশ করেন। তিনি বলেন, “এই  ধরনের আয়োজন আপনাকে বিনয়ী করে তোলে। কারণ বিশ্বজুড়ে যে গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে, তার গুরুত্ব আপনি উপলব্ধি করতে পারেন। ভিভিওজে নেদারল্যান্ডস ও ফ্ল্যান্ডার্সে অনুসন্ধানী সাংবাদিকতার পক্ষে কাজ করছে। কিন্তু বিশ্বের অন্যান্য অঞ্চলের অসংখ্য সাংবাদিক যে পরিস্থিতির মুখোমুখি হন, তার তুলনায় আমাদের এই লড়াই কিছুই নয়। তাদের অনেককেই নিজেদের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হয়। তাদের কাজের গণতান্ত্রিক গুরুত্বের কথা বিবেচনায় নিয়ে আসছে বছরের বৈশ্বিক সম্মেলনের আগে আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলন (জিআইজেসি) প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। ২০০১ সালে কোপেনহেগেনে প্রথম সম্মেলন আয়োজনের পর থেকে জিআইজেসি ১৪০টি দেশ ও অঞ্চল থেকে হাজারো সাংবাদিককে একত্রিত করেছে। এরপর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কোপেনহেগেনে (২০০৩), আমস্টারডামে (২০০৫), টরন্টোতে (২০০৭), লিলেহ্যামারে (২০০৮), জেনেভায় (২০১০), কিয়েভে (২০১১) এবং রিও ডি জেনিরোতে (২০১৩)। রিও ডি জেনিরোর সম্মেলনটি ছিল অষ্টম জিআইজেসি এবং দক্ষিণ গোলার্ধে অনুষ্ঠিত প্রথম আয়োজন। সম্মেলনটি এরপর আবারও লিলেহ্যামারে (২০১৫) অনুষ্ঠিত হয়। ২০১৭ সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজন করা হয়। এরপর জিআইজেসি অনুষ্ঠিত হয় হামবুর্গে (২০১৯)। সম্মেলনটি ২০২১ সালে অনুষ্ঠিত হয় অনলাইনে। দুই বছর পর ২০২৩ সালে গোটেনবার্গে সম্মেলনের সরাসরি আয়োজন আবারও শুরু হয়। ২০২৫ সালে এশিয়ায় কুয়ালালামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জিআইজেসি। এতে প্রায় ১০০টি দেশ থেকে ১ হাজার ৫০০-এর বেশি অংশগ্রহণকারী এবং ৩৫০-এর বেশি বক্তা অংশ নেন। জিআইজেসি২৫-এর মূল বক্তব্য, প্যানেল আলোচনা ও কর্মশালাগুলো নিয়ে জিআইএনের বিস্তারিত প্রতিবেদনও রয়েছে।

আগের বছরগুলোর মতো এবারও জিআইজেসি২৭-এর আসরে দ্বিবার্ষিক গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ডের বিজয়ীদের সম্মাননা দেওয়া হবে। হুমকি, চাপ বা কঠিন পরিস্থিতির মধ্যে করা অনুসন্ধানী সাংবাদিকতার সেরা কাজগুলোকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

একইভাবে, জিআইজেসি২৭ ঘিরে থাকবে ফেলোশিপ কর্মসূচি। এর মাধ্যমে গ্লোবাল সাউথসহ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে সাংবাদিকদের সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। কেননা জেআইজেএন মনে করে ফেলোদের জন্য অর্থায়ন করা হলে তা বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করতে সহায়তা করতে পারে। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে এবং গুরুত্বপূর্ণ এই আয়োজনকে সহায়তা করতে আগ্রহী দাতা ও সহআয়োজকেরা জিআইএনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

কেউ একবার দরজা খুললেই আমার সামনে একটা সুযোগ আসে: ঝুঁকিপূর্ণ অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে রিকার্দো কালদেরন

যারা নিজেদের জীবন বাজি রেখে আপনাকে তথ্য দেন, তাদের প্রতি আপনার একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা হলো বিষয়টি শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া। আর প্রায়ই দেখা যায়, নীরব থাকার চেয়ে তথ্যটি প্রকাশ করাই বরং সেই তথ্যদাতাদের অধিক সুরক্ষা দেয়।

সংবাদ ও বিশ্লেষণ

কর্মীর প্রশংসা করুন, দায়িত্ব দিন, ভুলকে স্বাভাবিক ভাবে নিন: অনুসন্ধানী সংবাদ ব্যবস্থাপকের জন্য ১৫ পরামর্শ

সপ্তাহে একটি দিন ‘কোনো মিটিং নয়’—এমন নিয়ম চালু করে দলের সদস্যদের কাজ করার সময় করে দেওয়া খুবই কার্যকর হতে পারে। সপ্তাহে একটি দিন কোনো মিটিং না থাকলে মানুষ সেই কাজগুলো শেষ করার সুযোগ পায়, যেগুলো বিভিন্ন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার তাড়া বা একের পর এক মিটিংয়ে অংশ নেওয়ার কারণে করা হয়ে ওঠে না।

আইজে উইক-২০২৬

অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহের (আইজে উইক) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ—থাকছে ১৩০-এর বেশি বক্তা, ৫০টির বেশি প্যানেল

আইজে উইকের বিভিন্ন সেশনে নেতৃত্ব দেবেন ৬৫টি দেশের ১৩০-এর বেশি বক্তা। যাদের মধ্যে রয়েছেন খ্যাতিমান সাংবাদিক, ডেটা বিশেষজ্ঞ ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। ১৩টি বিষয়ভিত্তিক বিভাগে আয়োজিত হবে ৫০টির বেশি প্যানেল, কর্মশালা ও নেটওয়ার্কিং সেশন। অনুসন্ধানি সাংবাদিকতার এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর।

আইজে উইক-২০২৬

সাংবাদিকতায় যুক্ত বাংলাদেশি শিক্ষার্থীদের আইজে উইকে অংশ নেওয়ার সুযোগ

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, যারা সাংবাদিকতার সঙ্গেও যুক্ত—তাদের জন্য আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতা সপ্তাহে (আইজে উইক) অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জিআইজেএনের উদ্যোগে নির্বাচিত ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীর নিবন্ধন ফি বহন করবে ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট।