ছবি: শাটারস্টক
নতুন বা অপরিচিত সোর্সের সঙ্গে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আট পরামর্শ
আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:
অপরিচিত সম্ভাব্য সোর্স বা সূত্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সাংবাদিকরা সাধারণত একবারই সুযোগ পান। প্রথমবারের যোগাযোগ সফল হলে সোর্স কথা বলতে রাজি হতে পারে। আর প্রথম চেষ্টা ব্যর্থ হলে, হয়তো চিরতরেই সেই সুযোগ হারাতে হয়।
এই ধরনের যোগাযোগের চেষ্টা অনেক সময় উপেক্ষিত হয় বা কোনো উত্তর পাওয়া যায় না। কারণ, সাংবাদিকদের বার্তাগুলো অনেক সময় একঘেয়ে, অতিরিক্ত চাপ সৃষ্টিকারী কিংবা অস্পষ্ট হয়। অনুসন্ধানী প্রতিবেদনের ক্ষেত্রে যা দুঃখজনক ব্যর্থতার কারণ। এর ফলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানেন— এমন প্রত্যক্ষদর্শী, সাবেক কর্মী ও সংশ্লিষ্টখাতের অভ্যন্তরীণ সূত্রদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যায় না। ফলে প্রতিবেদনে তাদের অভিজ্ঞতার গল্পও উঠে আসে না।
কীভাবে সম্ভাব্য সোর্সের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন, যারা আপনাকে প্রকৃত ঘটনা জানাতে পারেন—সে বিষয়ে আমরা কিছু পরামর্শ তুলে ধরছি।
সোর্সের সঙ্গে দেখা আর যোগাযোগ তৈরির ক্ষেত্রে আমাদের পরামর্শ বিশেষভাবে সহায়তা করবে। তবে অন্য ধরনের সাক্ষাৎকারের ক্ষেত্রে নয়। যেমন, কোনো মানসিক আঘাতে আক্রান্ত ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া, জনসংযোগ বিভাগের মুখপাত্রের কাছ থেকে বক্তব্য নেওয়া কিংবা রাজনীতিকদের আনুষ্ঠানিকভাবে রেকর্ডভুক্ত সাক্ষাৎকার নেওয়া।
আমরা এখানে অনুসন্ধানী সাক্ষাৎকারের প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। অর্থাৎ, কোনো ঘটনার গভীরে পৌঁছাতে আপনি এমন একজন সোর্সের কাছ থেকে দিকনির্দেশনা চাইছেন, যিনি আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।
আমরা দুজন হলাম স্টেফানি ও জিম। আমাদের মধ্যে একজন পেশাদার সাংবাদিক, অন্যজন অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। আমরা অনুসন্ধানী সাংবাদিকতার মানবিক দিকগুলো নিয়ে হামবুর্গ থেকে শুরু করে বার্লিন, রিগা, জেনেভাসহ গত ১৯ বছর ধরে কলাম্বিয়া জার্নালিজম স্কুলের শ্রেণিকক্ষে প্রশিক্ষণ দিচ্ছি।
কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ভেতরের প্রকৃত সোর্সের সহযোগিতা পাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে আপনাকে একজন বহুমাত্রিক, বিশ্বাসযোগ্য, পরিশ্রমী, আকর্ষণীয় ও কৌতূহলী সাংবাদিক হয়ে উঠতে হবে এবং নিজেকে সেভাবেই তুলে ধরতে হবে।
এই বিষয়ে আমাদের পরামর্শগুলো এখানে তুলে ধরা হলো।
১. কেবল তথ্য চাইবেন না, বিনিময়ে কিছু দেওয়ারও প্রস্তাব দিন
প্রথম থেকেই শুরু করা যাক। আপনার সম্ভাব্য সোর্সের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ইমেইলের বিষয়বস্তুর দিকে মনোযোগ দিন। সাংবাদিকেরা প্রায়ই ইমেইলের বিষয়বস্তুতে লেখেন, ‘সাক্ষাৎকারের জন্য অনুরোধ’।
আপনি যদি আগে থেকেই অনুরোধ করে বসেন—যেমন, তথ্য প্রদান, সাক্ষাৎকার কিংবা আলোচনা—তাহলে ওই ব্যক্তি মনে করতে পারেন, তিনি একধরনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাচ্ছেন। এর পরিবর্তে, এমন প্রস্তাব দিয়ে যোগাযোগ করা ভালো, যা থেকে একটি আগ্রহোদ্দীপক কথোপকথনের সূচনা হতে পারে। যেমন, ‘আমি কি আমার কাজ নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি?’ ‘বিষয়টি কি আপনার সঙ্গে একটু আলোচনা করতে পারি?’ অথবা ‘এই পর্যন্ত যে তথ্যগুলো পেয়েছি, তা আপনার সামনে তুলে ধরতে পারি।”
এক্ষেত্রে আপনার অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্য কিংবা চমকে দেওয়ার মতো কোনো তথ্য প্রকাশ করার প্রয়োজন নেই। তবে কিছু সূত্র, এরইমধ্যে খুঁজে পাওয়া কিছু তথ্য বা বিবরণ তুলে ধরতে পারেন। এতে বোঝা যাবে, আপনি সত্যিই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই এলোপাতাড়ি সাক্ষাৎকারের অনুরোধ পাঠাচ্ছেন না।
আপনার লক্ষ্য হলো, একটি স্বাভাবিক কথোপকথনের সূচনা করা; এমন কোনো পরিস্থিতি তৈরি করা নয়, যেখানে প্রশ্নোত্তরের চাপ থাকবে। প্রশ্ন ও অনুরোধের বিষয়গুলো পরে আসতে পারে।
২. ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে, আপনি যে একজন সত্যিকারের মানুষ, তা বোঝাতে পারলে বিশ্বাস তৈরি করতে সুবিধা হয়। ইমেইলে কিংবা ফোনে, আপনার প্রতিবেদন তৈরির কাজ সম্পর্কে বলার সময় কিছুটা ব্যক্তিগতভাবে কথা বলুন।
প্রতিবেদনের এমন কোনো দিক তুলে ধরতে পারেন, যা আপনাকে বিশেষভাবে আগ্রহী করেছে। অথবা কীভাবে এই প্রতিবেদনের ভাবনাটি আপনার মাথায় এসেছে, তা জানানোর প্রস্তাব দিতে পারেন। কিংবা সম্ভাব্য সোর্সের বিষয়ে আপনার করা গবেষণার ভিত্তিতে এমন কোনো প্রসঙ্গ তুলতে পারেন, যা তার আগ্রহ তৈরি করবে। আর হ্যাঁ, সম্ভাব্য কোনো সোর্সের সঙ্গে যোগাযোগের আগে তার সম্পর্কে কিছুটা খোঁজখবর নেওয়ার পরামর্শ আমরা দিই।
আমাদের পছন্দের কিছু বাক্যের শুরুটা এমন হতে পারে—‘আমিও … করি/আমারও … আছে/আমি …’ অথবা ‘… বিষয়টি আমাকে গভীরভাবে আগ্রহী করে তুলেছে।’ কিংবা ‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কীভাবে আমাকে এই প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করেছে, তা আপনাকে জানাতে চাই।’
নিজের মানবিক দিক তুলে ধরার বিপরীত হলো, রোবটের মতো আচরণ করা। উদাহরণ হিসেবে বলা যায়, একেবারে অপরিচিত কাউকে পাঠানো ইমেইলের শুরুটা হয় এভাবে—‘আশা করি, আপনি ভালো আছেন।’ আমাদের কাছে এই ধরনের বাক্য বেশ গতানুগতিক ও ছকে বাঁধা মনে হয়। ইমেইলের শুরুটা কীভাবে করবেন, তা ভাবার সময় একটি প্রতিবেদনের সূচনা বা লিড লেখার ক্ষেত্রে যেমন যত্ন নেন, তেমন যত্ন নিন। আপনি কে এবং কেন তার সঙ্গে যোগাযোগ করছেন, সরাসরি তা দিয়েই শুরু করতে পারেন।
সোর্সের সঙ্গে আপনার কোনো মিল বা কাকতালীয় যোগসূত্র থাকলে, সেটিও ব্যক্তিগতভাবে যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে। আপনারা কি একই জায়গায় থেকেছেন? একই কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন? সম্ভাব্য সোর্সকে ইমেইল পাঠানোর আগে তার লিঙ্কডইন প্রোফাইল বা ওয়েবসাইট ঘেঁটে দেখতে কোনো সমস্যা নেই। এটি কিন্তু ‘পিছু নেওয়া’ নয়। বরং এতে বোঝা যায়, আপনি নির্দিষ্ট এই ব্যক্তির সঙ্গেই কথা বলতে আগ্রহী। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে নিজেকে একজন রক্ত-মাংসের মানুষ হিসেবে তুলে ধরার বিশেষ এক জাদুকরী প্রভাব তো রয়েছেই।
৩. নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন
নিজেদের পরিচয় তুলে ধরে সাংবাদিকদের লেখা ইমেইলের বক্তব্যগুলো প্রায়ই এমন হয়: ‘হে [ আপনার সম্ভাব্য সোর্সের নাম], আপনাকে আমার বেশ আগ্রহোদ্দীপক মনে হয়েছে। তাই মনে হচ্ছে, আমাদের কথা হবে।’ এর জবাবে সোর্স যখন কোনো উত্তরই দেন না, অর্থাৎ যোগাযোগ এড়িয়ে যান, তখন কার্যত তাদের বার্তাটি দাঁড়ায়: ‘কিন্তু আপনাকে তো আমার আগ্রহোদ্দীপক মনে হচ্ছে না।’
তাই আপনার অনুসন্ধানে পাওয়া এমন কোনো সুনির্দিষ্ট তথ্যের প্রসঙ্গ তুলুন, যা আপনার কাছে খুবই কৌতূহলোদ্দীপক, কিন্তু আপনি ওই ঘটনাটি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। আপনার বার্তাটি হবে: আমি বিষয়টি নিয়ে অনেক পরিশ্রম করছি, কিন্তু এক্ষেত্রে আমার আপনার সাহায্য প্রয়োজন। আপনার পড়া বা শোনা এমন কিছু চমকপ্রদ তথ্য, যা আপনি পুরোপুরি বুঝে উঠতে পারেননি, সেগুলোও কথোপকথন এগিয়ে নিতে সাহায্য করতে পারে।
একজন সোর্সের করা অভিযোগ অন্য সোর্সের কাছে তুলে ধরলে, স্পষ্ট করে দিন যে অভিযোগটি আপনি করছেন না। বরং প্রতিবেদন তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগটির সত্যতা যাচাই করতে চাইছেন—অর্থাৎ, অভিযোগটি সত্য কি না, তা নিশ্চিত হতে বা খণ্ডন করতে চাইছেন।

স্টেফানি ডডট (বাঁয়ে) এবং জিম মিন্টজ (ডানে)। ছবি: আলফ্রেডস উলমানিসের সৌজন্যে
৪. গোপনীয়তার আশ্বাস দিন
সম্ভাব্য কোনো সোর্সের সঙ্গে যোগাযোগের সময় আপনার লক্ষ্য তার বক্তব্য সংগ্রহ করা নয়; বরং তার কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া। যোগাযোগের প্রথম প্রচেষ্টা সফল হলে আপনার জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে সোর্স আপনাকে এমন কারও সঙ্গে যুক্ত করে দিতে পারেন, যিনি আপনার অনুসন্ধানের আওতায় থাকা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের গোপন জগতের আরও গভীরে প্রবেশের পথ দেখাতে পারবেন। তাই এ পর্যায়ে তার কাছ থেকে মন্তব্য নেওয়ার বিষয়টি একেবারেই প্রাসঙ্গিক নয়। যোগাযোগের শুরুতেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া ভালো। আমাদের পছন্দের কয়েকটি বাক্য হলো: ‘অবশ্যই আমরা অফ দ্য রেকর্ড কথা বলতে পারি’ অথবা ‘আপনার বক্তব্য উদ্ধৃত করার উদ্দেশ্যে আমি যোগাযোগ করিনি।’
প্রতিবেদনে কারও বক্তব্য উদ্ধৃত করার প্রয়োজন হতে পারে—এমনটা ভেবে আপনি হয়তো কিছুটা দ্বিধায় থাকবেন। তবে আমরা বলব, বিষয়টি এভাবে বিবেচনা করুন: সবকিছু ভালোভাবে এগোলে এই সোর্স আপনার জন্য আরও মূল্যবান কিছু করতে পারেন। আপনার জানা বা জিজ্ঞাসা করার বিষয়গুলোর বাইরেও তিনি এমন কিছু ঘটনা বলতে পারেন, যা আগে কখনো শোনেননি। এমনকি এমন কিছু নথিও দিতে পারেন, যেগুলোর অস্তিত্ব সম্পর্কেই আপনার জানা ছিল না। আপনি যদি শুরু থেকেই ‘অন দ্য রেকর্ড’ কথা বলার শর্তে যোগাযোগ করেন, তাহলে এই অপরিচিত ব্যক্তির কাছ থেকে এই ধরনের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুবই কম।
তাই সোর্সের কাছ থেকে ‘অফ দ্য রেকর্ড’ প্রকৃত ঘটনা জানার পর আশা করা যায়, নাম, তারিখ ও অর্থ লেনদেনের পরিমাণসহ আপনি সেখান থেকে প্রতিবেদনটির জন্য আরও অনেক পাকাপোক্ত তথ্য বের করতে পারবেন।
৫. ভয়ের কারণ হয়ে উঠবেন না
আপনি যে বিষয়ে কথা বলতে চান, তা সত্যনিষ্ঠভাবে, তবে কৌশলের সঙ্গে তুলে ধরুন। শুরুতেই কোনো অন্যায় বা অনিয়মের বিষয়ে আপনার অনুমান প্রকাশ করা থেকে বিরত থাকুন। বরং আপনি কী জানতে পারছেন, কোন বিষয়ে আপনার সহায়তা প্রয়োজন এবং কোন বিষয়টি আপনাকে আগ্রহী করে তুলেছে, সেসব দিয়ে কথা শুরু করুন।
নিজেকে একজন সাংবাদিক হিসেবে তুলে ধরুন। যিনি মুক্তমনা, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনেন, কৌতূহলী এবং পরিশ্রমী। অর্থাৎ, এমন একজন, যাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আমাদের পছন্দের কয়েকটি বাক্য হলো: ‘এই বিষয়ে আপনার সাহায্য আমার প্রয়োজন’, ‘কেন এমন হচ্ছে, তা বোঝার চেষ্টা করছি…’ অথবা ‘অমুক, তমুক ও অন্যরা কী ধরনের চাপের মধ্যে রয়েছেন, সে বিষয়ে আপনি কি আমাকে একটু ধারণা দিতে পারেন?’
আর একটি কথা মনে রাখা জরুরী। আর তা হচ্ছে আপনার আচরণে খানিকটা নমনীয়তা আনতে পারেন। অভদ্র বা রূঢ় আচরণ করে কারও বিশ্বাস অর্জন করা যায় না। অতিরিক্ত কঠোর ও সন্দেহপ্রবণ মনোভাব আপনাকে অহংকারী এবং মুক্তমনা নন—এমন একজন মানুষ হিসেবে তুলে ধরতে পারে। বন্ধুত্বপূর্ণ আচরণ করলে আপনার পেশাদারত্ব বা কাজের গুরুত্ব কমে যায় না।
৬. সোর্সের দক্ষতাকে গুরুত্ব দিন
কোনো সোর্সের আপনার সঙ্গে কথা বলার বা নিজের তথ্য প্রকাশ করার বিশেষ কোনো কারণ না-ও থাকতে পারে। তবে তা সত্ত্বেও তিনি বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী হতে পারেন, এমনকি এতে নিজেকে সম্মানিতও বোধ করতে পারেন। আপনার জ্ঞান ও দক্ষতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কেউ যোগাযোগ করলে কিন্তু ভালো লাগাটাই স্বাভাবিক।
সোর্সকে বোঝাতে পারেন যে আপনি তার দক্ষতাকে গুরুত্ব দেন। এভাবে তার মধ্যে তৈরি হওয়া ইতিবাচক অনুভূতিকে আরও জোরালো করতে পারেন। ওই ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করে থাকেন, তাহলে তার যে বিশেষ দক্ষতা আপনার নজর কেড়েছে, সেটি উল্লেখ করুন। আর তিনি যদি তার কাজের কোনো নির্দিষ্ট দিক নিয়ে লিখতে বা কথা বলতে পছন্দ করেন, তাহলে তার লেখা বা বলা এমন একটি বাক্য উদ্ধৃত করুন, যা আপনার বিশেষভাবে ভালো লেগেছে।
৭. কৌতূহল দেখান
অভ্যন্তরীণ সোর্সদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কৌতূহল থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কৌতূহলই অন্যদের বুঝিয়ে দেয়, আপনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনছেন এবং খোলা মন নিয়ে তাদের বক্তব্য জানতে আগ্রহী। অর্থাৎ, আগে আমরা বলেছি, আপনি যে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন, তা সোর্সদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। পাশাপাশি, কোন বিষয়গুলো আপনি জানেন না, সেটিও তাদের কাছে স্পষ্ট করে বলুন।
বিষয়টি আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে যে আপনার অন্যের সহযোগিতা ও পরামর্শ দরকার, তা স্বীকার করতে দ্বিধা করবেন না। আগে থেকেই কে ভালো আর কে খারাপ, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, এমন সাংবাদিকের সঙ্গে কেউ কথা বলতে আগ্রহী হন না। এ ক্ষেত্রে আমাদের পছন্দের একটি বাক্য হলো, “আমি বিষয়টির গভীরে গিয়ে প্রকৃত সত্যটা জানার চেষ্টা করছি।”
যারা প্রতিবেদনের মূল বিষয় বা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও কৌতূহলী, খোলা মন ও বিনয়ী মনোভাব বজায় রাখার পরামর্শ দিই। কাউকে সরাসরি মুখোমুখি করে প্রশ্নবাণে জর্জরিত করার পরিবর্তে, আপনার অনুসন্ধানে এখন পর্যন্ত কী তথ্য উঠে এসেছে, তা তাকে জানান। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই করার বিষয়ে আপনার আন্তরিকতা ও আগ্রহ প্রকাশ করুন। তারা যদি এভাবে অনানুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হন, তাহলে পরে তাদের কাছে আগাম প্রশ্ন ও তথ্য জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে পারেন।
মনে রাখবেন, আপনার অনুসন্ধানী প্রতিবেদনের উদ্দেশ্য কাউকে বিচার করা নয়, বরং প্রকৃত ঘটনা বোঝার চেষ্টা করা। আর এই মনোভাবই গুরুত্বপূর্ণ সূত্রদের আপনার প্রতি আগ্রহী করে তোলে।
৮. সরাসরি ও খোলামেলাভাবে কথা বলুন
মৌলিক বিষয়গুলো ভুলে যাবেন না। নিজের পরিচয় সঠিকভাবে তুলে ধরুন—আপনি কে, কোথায় কাজ করেন এবং সেখানে আপনার ভূমিকা কী?
নিজের ব্যক্তিগত তথ্যও যুক্ত করুন। যেমন, ব্যক্তিগত ওয়েবসাইট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম—যা কিছু দিয়ে বোঝানো যায় যে আপনি একজন বাস্তব মানুষ। বিষয়টির সঙ্গে সম্পর্কিত আপনার আগের কোনো প্রতিবেদন থাকলে, সেগুলোর লিঙ্কও যুক্ত করুন। একাধিক মাধ্যমে যোগাযোগের সুযোগ রাখুন। প্রয়োজনে নিজের মুঠোফোন নম্বর দিতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে নিরাপদ বার্তা আদান-প্রদানের সুযোগ রাখতে পারেন।
যত দ্রুত সম্ভব সরাসরি দেখা করার চেষ্টা করুন। এ জন্য ভদ্রভাবে দেখা করার একটি প্রস্তাব দিতে পারেন। যেমন, ‘বিষয়টি নিয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে চাই… আগামী সোমবার আমি আপনার কাছাকাছি একটি এলাকায় থাকব। আপনার সুবিধামতো কোনো জায়গায় বসে কফি খাওয়ার সময় হবে কি?’
সোর্সের সঙ্গে যোগাযোগের সময় তার কথাবার্তার ধরন ও ভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রাখুন। শেষবারের মতো তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলো দেখে নিন। আপনি যে ভাষা ও ভঙ্গিতে কথা বলছেন, তা কি যথেষ্ট ভদ্র ও আন্তরিক? আপনার যোগাযোগের ধরন কি যথাযথভাবে আনুষ্ঠানিক, নাকি অনানুষ্ঠানিক?
সোর্স তৈরি করা মূলত একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ার মতো। এক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব পদ্ধতি থাকতে পারে। আমরা আশা করছি, আমাদের এই পরামর্শগুলো আপনাকে নিজের পদ্ধতি তৈরিতে খানিকটা ধারণা দেবে।
স্টেফানি ডট সুইজারল্যান্ডের জেনেভায় এআরডি টেলিভিশনের সংবাদদাতা হিসেবে কাজ করছেন। সেখানে তিনি সুইজারল্যান্ডের বিভিন্ন ঘটনা নিয়ে টেলিভিশন প্রতিবেদন ও অনুসন্ধানী সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, জেনেভায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রতিবেদন তৈরি করেন। এর আগে তিনি জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যমে এক দশকেরও বেশি সময় অনুসন্ধানী সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে কাজ করেছেন। এ সময় তার কর্মস্থল ছিল বার্লিন ও নিউইয়র্ক সিটি।
জিম মিন্টজ সারা জীবন অনুসন্ধান পরিচালনা এবং অনুসন্ধানকারীদের প্রশিক্ষণ দিয়ে কাটিয়েছেন। ১৯ বছর ধরে তিনি কলাম্বিয়া জার্নালিজম স্কুলে অনুসন্ধানী সাংবাদিকতার খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বজুড়ে কার্যক্রম পরিচালনাকারী অনুসন্ধানী প্রতিষ্ঠান মিন্টজ গ্রুপ থেকে অবসর নেওয়ার পর তিনি বার্লিনভিত্তিক ‘সিক ইনিশিয়েটিভ’ প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য সাধারণ নাগরিকদের অনুসন্ধানী কার্যক্রমে যুক্ত করতে একটি আন্দোলন গড়ে তোলা।