প্রবেশগম্যতা সেটিংস

'দ্য আউটল ওশান প্রজেক্ট'-এর সর্বশেষ অনুসন্ধানে জলজ চাষের (অ্যাকুয়াকালচার) এমন একটি শিল্পকে খতিয়ে দেখা হয়েছে, যেখানে মাছকে খাওয়ানোর জন্য অন্য মাছ ব্যবহার করা হয়। ছবি: দ্য আউটল ওশান প্রজেক্ট

লেখাপত্র

•

বিষয়

খামারজাত সামুদ্রিক খাদ্যের লুকানো খরচ যেভাবে উন্মোচন করেছে আউটল ওশান প্রজেক্ট: অনুসন্ধানের ধারণা নিতে পারেন সাংবাদিকরা

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

প্রায় এক দশক ধরে আমার প্রতিষ্ঠিত অলাভজনক সাংবাদিকতা সংস্থা দ্য আউটল ওশান প্রজেক্ট সমুদ্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। এসব প্রতিবেদনে আমরা পৃথিবীর দুই-তৃতীয়াংশজুড়ে ছড়িয়ে থাকা বিশাল সমুদ্র ঘিরে সংঘটিত নানা ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং সেখানকার মানুষ ও জীববৈচিত্র্যের জন্য তৈরি হওয়া বিভিন্ন হুমকিগুলো তুলে ধরি।

সমুদ্র মূলত একধরনের বিশাল আর অদৃশ্য বোঝা বয়ে চলে। কেননা সাধারণ মানুষ সমুদ্রকে অফুরন্ত সম্পদের উৎস হিসেবে ধরে নেয়। মনে করে সমুদ্র নিজ থেকেই পুনরায় সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। আর আমরা সেই সম্পদ কখনো ক্ষুধা মেটাতে ব্যবহার করি, কখনো নিজেদের পকেট ভারী করতে। আমাদের সাংবাদিকতার লক্ষ্য হলো মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করা এবং সমুদ্র নিয়ে নতুনভাবে ভাবতে সাহায্য করা। সমুদ্রকে কেবল পণ্য কেনাবেচার বাজার হিসেবে নয়, বরং একটি গ্রন্থাগার কিংবা উপাসনালয়ের মতো সবার জন্য সংরক্ষিত ও সুরক্ষিত এক অভিন্ন সম্পদ হিসেবে দেখতে মানুষকে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।

সমুদ্রের ওপর চাপ কমানোর লক্ষ্যেই শুরু হয় অ্যাকুয়াকালচার। যুক্তি ছিল, খামারে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে প্রাকৃতিক উৎস থেকে কম মাছ ধরার প্রয়োজন হবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার বিপরীত। সমুদ্র থেকে আহরণ করা মোট সামুদ্রিক প্রাণীর এক-পঞ্চমাংশেরও বেশি ব্যবহার করা হয় মাছের খাদ্য তৈরিতে, যার বেশির ভাগই যায় খামারে চাষ করা মাছের খাবার হিসেবে। অন্যদিকে, খামারে উৎপাদিত মাছের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশ্বজুড়ে মানুষ সামুদ্রিক যে খাবারগুলো খায়, তার অর্ধেকেরও বেশি আসে অ্যাকুয়াকালচার থেকে। ৩১৩ বিলিয়ন মার্কিন ডলারের এই শিল্প এখন বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন খাতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অংশ।

গত পাঁচ বছরে, দ্য আউটল ওশান প্রকল্পের আন্তর্জাতিক সাংবাদিকদের একটি দল মাছের খাদ্য তৈরিতে অন্যান্য সামুদ্রিক প্রাণী ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়টি অনুসন্ধান করেছে। সামুদ্রিক প্রাণী ব্যবহারের সঠিক হিসাব প্রায় নেই বললেই চলে। আমাদের অনুসন্ধানের মূল বিষয় ছিল মাছের খাদ্য তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান—ফিশমিল বা মাছের গুঁড়া।

দুই ডজন প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র নিয়ে তৈরি ‘ফুড ফর ফিড’ শীর্ষক এই অনুসন্ধানী প্রকল্পে মাছ চাষের প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে। এতে উঠে এসেছে জোরপূর্বক শ্রম, প্রতিরোধযোগ্য দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, সর্বত্র ছড়িয়ে পড়া অসহনীয় দুর্গন্ধ, মানুষের জীবিকা হারানো, সামাজিক অস্থিরতা, অবৈধ মাছ শিকার, খাদ্যনিরাপত্তাহীনতা এবং বিভিন্ন প্রজাতির বিলুপ্তিসহ নানা সমস্যা।

টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব উদ্ভাবনী পদ্ধতির জন্য অ্যাকুয়াকালচার শিল্পের যে ইতিবাচক ভাবমূর্তি প্রচার করা হয়, তার আড়ালে এসব সমস্যার বেশির ভাগই ঢাকা পড়ে গেছে। ফলে খামারে চাষ করা মাছের ভোক্তাদের কাছে এত দিন এসব ক্ষয়ক্ষতির চিত্র ছিল অজানা। এবার আর তা অজানা থাকছে না।

আমরা যা করেছি

আমাদের অনুসন্ধান শুরু হয় ৬৪টি দেশে ছড়িয়ে থাকা ১ হাজার ৪০০টিরও বেশি ফিশমিল কারখানার অবস্থান শনাক্ত করার মধ্য দিয়ে। বিশ্ববাজারে সরবরাহ করা এমন প্রায় সব ফিশমিল এসব কারখানায় উৎপাদন হয়। প্রোটিনসমৃদ্ধ, গাঢ় হলুদ রঙের এই গুঁড়া বেশ লাভজনক একটি পণ্য। পাশাপাশি এসব কারখানায় এর তেলও উৎপাদিত হয়। এ ছাড়া, অন্তত ৩০টি দেশের জলসীমায় মাছের গুঁড়া উৎপাদনের সঙ্গে যুক্ত ২ হাজার ৪০০টিরও বেশি জাহাজের কার্যক্রম আমরা পর্যালোচনা করেছি।

এ কাজের জন্য আমরা বিভিন্ন দেশে কর্মরত দুই ডজনেরও বেশি সাংবাদিককে নিয়ে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলি। এই দলে ছিলেন কোডার, যারা সরকারি তথ্যভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো সাজিয়েছেন এবং গবেষকেরা, যারা স্থানীয় সংবাদ প্রতিবেদন, আদালতের নথি ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করেছেন। তাদের লক্ষ্য ছিল মাছের গুঁড়া উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকের অধিকার লঙ্ঘন, পরিবেশবিধি ভঙ্গ, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোগ এবং এই সংক্রান্ত অন্যান্য সমস্যার প্রমাণ খুঁজে বের করা।

এই অনুসন্ধানে মাঠপর্যায়েও কাজ করা হয়েছে। অনুসন্ধানী দলগুলো সমুদ্রে ছয়টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে ছিল দক্ষিণ চীন সাগর, অ্যান্টার্কটিকার কাছাকাছি দক্ষিণ মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর। এসব অভিযানে মাছের গুঁড়া উৎপাদনে ব্যবহৃত মাছ ধরার জাহাজে উঠে সাংবাদিকেরা জাহাজের নথিপত্র পর্যালোচনা করেছেন। কর্মীদের কী পরিবেশে রাখা হয় তা দেখেছেন। তাদের সাক্ষাৎকার নিয়েছেন। এবং সম্ভাব্য অবৈধ কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছেন। অন্যদিকে, স্থলভাগে সাংবাদিকেরা সেনেগাল, থাইল্যান্ড, পেরু, গাম্বিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, গ্রিস ও ভারতের বিভিন্ন মাছের গুঁড়া উৎপাদনকারী কারখানা এবং অ্যাকুয়াকালচার খামার পরিদর্শন করেছেন।

এই সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে অনুসন্ধানে নানা ধরনের ক্ষতিকর প্রভাবের তথ্য উঠে এসেছে। এর মধ্যে রয়েছে স্থানীয় মাছের মজুত কমে যাওয়া, যেসব এলাকায় মানুষের খাওয়ার উপযোগী সস্তা মাছ পশুখাদ্য তৈরিতে ব্যবহার করা হয়, সেখানকার জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তাহীনতা এবং মাছের গুঁড়া তৈরির কারখানা ও বর্জ্য ফেলার স্থানের আশপাশে বসবাসকারী মানুষের ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসা। এ ছাড়া, মাছের গুঁড়া উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ও কারখানায় শ্রমিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও অনুসন্ধানে নথিবদ্ধ করা হয়েছে। মাছের খামার গড়ে তুলতে কার্বন শোষণকারী ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক ঘাসের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করার পাশাপাশি হাজার হাজার মাইল দূরে ক্রেতাদের কাছে মাছের খাদ্য পরিবহনের মাধ্যমেও এই শিল্প জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আড়ালে থাকা এসব ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং এই শিল্পকে জবাবদিহির আওতায় আনতে অনিয়ম ও নিপীড়নের ঘটনাগুলো নথিবদ্ধ করাই ছিল কেবল প্রথম ধাপ। একই সঙ্গে এসব ঘটনার তথ্য-প্রমাণ স্বচ্ছভাবে তুলে ধরা, সবার জন্য সহজলভ্য করা এবং অন্যরাও যাতে সেগুলো কাজে লাগাতে পারেন, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ ছিল। এ লক্ষ্যেই আমরা আরও কয়েকটি বিশেষ উপকরণ তৈরি করেছি। যা আমাদের অনুসন্ধানী প্রতিবেদন এবং মাছের গুঁড়া উৎপাদনশিল্প—উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা বাড়াতে সহায়তা করবে।

মতামত বিনিময় পাতাতে আমাদের সাংবাদিকদের সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা ৪০০টিরও বেশি কোম্পানি, সরকারি সংস্থা ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিবরণ নথিবদ্ধ করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের কয়েক মাস আগে আমরা প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। তাদের কাছে অনুসন্ধানে পাওয়া প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ ও অনুসরণ করা পদ্ধতি তুলে ধরি এবং সুনির্দিষ্ট কিছু প্রশ্নের জবাব দেওয়ার আমন্ত্রণ জানাই। এসব যোগাযোগ ও জবাবের পুরো বিবরণই আমরা প্রকাশ করেছি।

প্রতিবেদনগুলোতে আমরা প্রতিটি তথ্য ও দাবির সূত্র উল্লেখ করে পাদটীকা প্রকাশ করেছি। এতে উদ্ধৃত সব নথি, সংবাদ প্রতিবেদন, মূল উপাত্ত এবং ওয়েবপেজের সংরক্ষিত লিংকও যুক্ত করা হয়েছে। ফলে পাঠকেরা প্রতিটি তথ্যের উৎস সহজেই যাচাই করতে পারবেন।

আমাদের অনুসন্ধান পদ্ধতি নামের পাতাতে পুরো অনুসন্ধানে অনুসরণ করা পদ্ধতির বিস্তারিত বিবরণ সবার জন্য তুলে ধরা হয়েছে। এতে পুরো প্রকল্পে ব্যবহৃত নথি, ওয়েবসাইট, কোড ও মূল উপাত্তের তথ্যও রয়েছে। এ ছাড়া, অনুসন্ধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা অংশের সঙ্গে যুক্ত ঊর্ধ্বলিখিত টীকার মাধ্যমে প্রতিটি ঘটনা বা বিষয়ভিত্তিক অনুসন্ধানের পদ্ধতিও আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

বেইট টু প্লেট

বেইট টু প্লেট একটি ইন্টারঅ্যাকটিভ টুল, যা সামুদ্রিক খাবার সরবরাহব্যবস্থার বিভিন্ন ধাপের মানচিত্র তুলে ধরে এবং এর আড়ালে লুকিয়ে থাকা অপরাধ ও উদ্বেগের বিষয়গুলো চিহ্নিত করে। এটি কোনো একটি নির্দিষ্ট ঘটনা তুলে ধরে না বা একটি নির্দিষ্ট ব্যাখ্যা দেয় না; বরং এর মাধ্যমে অসংখ্য ধরনের তথ্য ও বিশ্লেষণ পাওয়া সম্ভব। এটিকে একটি বুদ্ধিমান তথ্য-সমন্বয়কারী হিসেবে ভাবা যেতে পারে। দ্য আউটল ওশান প্রজেক্টসহ অন্যান্য সূত্র থেকে জাহাজ, কারখানা ও কোম্পানিসংক্রান্ত হাজার হাজার প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করে টুলটি সেগুলো লেগোর টুকরোর মতো একসঙ্গে সাজায়। ফলে ব্যবহারকারীর নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়।

বেইট টু প্লেট ব্যবহারকারীদের জন্য আরও সহজ করতে আমরা তৈরি করেছি বি২পি বট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কল্পনায় আসা যেকোনো প্রশ্ন করতে পারবেন।

এই তথ্যভান্ডারে হাজার হাজার প্রতিষ্ঠান ও সংস্থা এবং সেগুলোর মধ্যে হাজার হাজার সংযোগের তথ্য রয়েছে। কী খুঁজতে হবে, তা সুনির্দিষ্টভাবে জানা না থাকলে একজন সাংবাদিক বা গবেষককে বিভিন্ন ছক ও ফিল্টারে ক্লিক করে তথ্য খুঁজতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে হতে পারে। বি২পি বট সেই জটিল প্রক্রিয়ার বদলে ব্যবহারকারীদের বাস্তবভিত্তিক প্রশ্ন করার সুযোগ করে দেয়। যেমন:

  • “যুক্তরাজ্যের কোন কোন সুপারমার্কেট এমন উৎস থেকে সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবার সংগ্রহ করে, যেগুলোর সরবরাহব্যবস্থা শ্রমিক অধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত মাছের গুঁড়া উৎপাদনকারী কারখানার সঙ্গে যুক্ত?”
  • “যেসব জাহাজে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে কোন কোন জাহাজ ওয়ালমার্টকে সামুদ্রিক মাছ ও খাবার সরবরাহ করে?”
  • “সেনেগালের যে মাছের গুঁড়া উৎপাদনকারী কারখানাটি কাছের উপকূলীয় এলাকার বায়ু ও পানি দূষিত করেছে, সেই কারখানার সঙ্গে কানাডার ওয়ালমার্টে বিক্রি হওয়া চিংড়ির সম্পর্ক কী—তা আমাকে দেখাও।”

বটটি প্রথমে ব্যবহারকারীর প্রশ্নের ধরন ও উদ্দেশ্য বুঝে নেয়। এরপর নিজে থেকেই তথ্যভান্ডারে অনুসন্ধানের জন্য একটি প্রশ্ন তৈরি করে তাৎক্ষণিকভাবে কার্যকর করে এবং দ্য আউটল ওশানের সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোর লিংকসহ উত্তর দেয়।

সাধারণ প্রশ্নের পাশাপাশি, বটটি ব্যবহারকারীর পেজে থাকা নির্দিষ্ট তথ্য, তিনি কোন প্রতিষ্ঠান বা সংস্থার তথ্য দেখছেন এবং কোন ভিজ্যুয়াল উপস্থাপনাটি খোলা রয়েছে, সেসবও বুঝতে পারে। ফলে ব্যবহারকারী প্রশ্ন করতে পারেন, “এই কোম্পানি সম্পর্কে আমাকে কী জানাতে পারো?” ব্যবহারকারী তখন যে পেজে রয়েছেন, তার তথ্যের ভিত্তিতেই বটটি প্রশ্নের প্রেক্ষাপট বুঝে উত্তর দেয়।

কোনো ব্যবহারকারী যদি সরবরাহব্যবস্থার জটিল কোনো চিত্র দেখেন, তাহলে তিনি বটকে বলতে পারেন, “এই চিত্রটি আমাকে বুঝিয়ে বলো।” বটটি তখন ওই নির্দিষ্ট চিত্রের ওপর ভিত্তি করে প্রাসঙ্গিক ও প্রয়োজন অনুযায়ী সাজানো ব্যাখ্যা তৈরি করে দেয়।

বটটি ব্যবহারকারীর খোলা পেজের তথ্যের ভিত্তিতে সরাসরি কাজও করতে পারে। ব্যবহারকারী চাইলে তার পছন্দের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমদানিকারকদের তালিকা ফিল্টার করতে পারেন, কিংবা জটিল কোনো নেটওয়ার্কের মধ্যে নির্দিষ্ট একটি সংযোগ আলাদা করে দেখতে পারেন। এর ফলে ব্যবহারকারীর জন্য একটি সমন্বিত অভিজ্ঞতা তৈরি হয়। বটটি আলাদা কোনো সার্চ ইঞ্জিন নয়, যেখানে গিয়ে তথ্য খুঁজতে হবে। বরং ব্যবহারকারী আগে থেকেই যে কাজটি করছেন, তার মধ্যেই এটি একজন সহায়কের মতো যুক্ত থাকে।

আমরা বটটির কার্যক্রমে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রেখেছি। যেমন, এটির সক্ষমতা নিজস্ব ভাষায় কোনো লেখা বা বিশ্লেষণ তৈরির পরিবর্তে আগে থেকে প্রকাশিত প্রতিবেদনগুলোকে তুলে ধরার মধ্যেই সীমাবদ্ধ। বটটি যেসব তথ্য দেখায়, সেগুলোর প্রতিটির সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের উৎসের ধরন স্পষ্টভাবে উল্লেখ থাকে। ফলে ব্যবহারকারীরা নিজেরাই যাচাই করতে পারেন, ওই উৎস কতটা বিশ্বাসযোগ্য। তবে এই সীমারেখা অতিক্রম না করেও বটটি যেসব উত্তর দিতে পারে, সেগুলোর ভিত্তি হলো বিপুল পরিমাণ অনুসন্ধানী প্রতিবেদন, যা বেইট টু প্লেটের তথ্যভান্ডারে একীভূত করা হয়েছে।

এই টুল ব্যবহারের আরেকটি উপায় হলো সাপ্লাই চেইন এক্সপ্লোরার পেজ। এটি এমন একটি বিশেষ পেজ, যা ব্যবহারকারীদের মনে আসা একটি সাধারণ প্রশ্নকে কেন্দ্র করে তৈরি: একটি সরবরাহব্যবস্থা প্রকৃতপক্ষে দেখতে কেমন? এখানে ব্যবহারকারী নিজের প্রশ্ন লিখতে পারেন অথবা ঘুরে ঘুরে প্রদর্শিত নমুনা প্রশ্নগুলোর যেকোনো একটিতে ক্লিক করতে পারেন। এরপর পর্দার মাঝখানে পুরো সরবরাহব্যবস্থার চিত্র ফুটে ওঠে। যেমন, কেউ যদি প্রশ্ন করেন, “যুক্তরাষ্ট্রের কোন কোন খুচরা বিক্রেতা চীনের মাছের গুঁড়া উৎপাদনকারী কারখানা থেকে পণ্য সংগ্রহ করে?”, তাহলে এই পেজে সংশ্লিষ্ট সব সংযোগের মানচিত্র দেখা যাবে। চীনের মাছের গুঁড়া উৎপাদনকারী কারখানা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও আমদানিকারক হয়ে চূড়ান্ত পণ্য বিক্রি করা খুচরা বিক্রেতা পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থার চিত্র এতে উঠে আসবে। একটি প্রশ্ন থেকে সরবরাহব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার সবচেয়ে দ্রুত উপায় হলো এই এক্সপ্লোর পেজ।

একই সরবরাহব্যবস্থাকে তিনটি ভিন্ন উপায়ে দৃশ্যমান করা যায়:

  • ফ্লো ভিউ পদ্ধতিতে সরবরাহব্যবস্থাকে বাম থেকে ডানে বিস্তৃত একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়। এর এক পাশে থাকে পণ্যের উৎস, অন্য পাশে থাকে চূড়ান্ত পণ্য বিক্রয়কারী খুচরা বিক্রেতারা। এক নজরে বিপুল পরিমাণ তথ্য বুঝে নেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কার্যকর।
  • গ্রাফ ভিউ তুলনামূলকভাবে প্রচলিত নেটওয়ার্কভিত্তিক উপস্থাপন পদ্ধতি। এখানে সবচেয়ে বেশি সংযোগ থাকা কোম্পানিগুলো থাকে কেন্দ্রের দিকে। ফলে সরবরাহব্যবস্থার কাঠামো এবং কোন প্রতিষ্ঠান মূল সংযোগকারী (হাব), আর কোনগুলো তার সঙ্গে যুক্ত প্রান্তিক প্রতিষ্ঠান—তা সহজেই বোঝা যায়। ব্যবহারকারীরা এখানে দুটি বিন্যাসের মধ্যে পরিবর্তন করতে পারেন। প্রথমটি হলো ফোর্স লেআউট, যেখানে প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সংযোগের ভিত্তিতে নেটওয়ার্কটি স্বয়ংক্রিয়ভাবে সাজানো হয়। দ্বিতীয়টি হলো ট্রি লেআউট, যেখানে একই নেটওয়ার্ককে একটি মূল প্রতিষ্ঠান থেকে শুরু করে ধাপে ধাপে শাখা-প্রশাখার মতো সাজানো হয়।
  • গ্লোব ভিউ পদ্ধতিতে সরবরাহব্যবস্থাকে ভৌগোলিকভাবে উপস্থাপন করা হয়। প্রতিটি কোম্পানিকে তার বাস্তব অবস্থান অনুযায়ী মানচিত্রে চিহ্নিত করা হয় এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগরেখা টানা হয়। এর মাধ্যমে সরবরাহব্যবস্থাটি কতটা নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে কেন্দ্রীভূত বা বিভিন্ন অঞ্চলে বিস্তৃত এবং বিশ্বের কোন কোন অংশের সঙ্গে যুক্ত, তা সহজেই বোঝা যায়।

এরপর কী

বেইট টু প্লেটের পরিধি ও কার্যক্রম আরও বিস্তৃত হবে। দ্য আউটল ওশান প্রজেক্টের কর্মীরা প্রতিদিন জাহাজ, কারখানা ও খামারসংক্রান্ত শত শত সংবাদ প্রতিবেদন এবং বেসরকারি সংস্থা ও সরকারি বিভিন্ন প্রতিবেদন যাচাই-বাছাই করছেন। সরবরাহব্যবস্থার মানচিত্র তৈরির কাজ আরও সমৃদ্ধ করতে এসব তথ্য যুক্ত করা হচ্ছে।

তবে অন্যরা কাজে লাগাতে পারলেই কেবল এসব তথ্য-প্রমাণের যথার্থতা পাওয়া যায়। ব্যবহারকারীরা যাতে সহজে এই টুলটি ব্যবহার করতে পারেন এবং এর তথ্যভান্ডার থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারেন, সে জন্য আমরা একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করেছি। এতে টুলটির সর্বোত্তম ব্যবহার সম্পর্কে ধারণা দিতে বেশ কিছু ভিডিও থাকবে। এ ছাড়া, যারা এই অনুসন্ধান এবং সামুদ্রিক খাদ্য ও জলজ চাষশিল্পের ভবিষ্যতের ওপর এর প্রভাব সম্পর্কে আরও গভীরভাবে জানতে চান, তাদের জন্য আমরা প্রতি মাসে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব।

এই নির্দেশিকা ও প্রশিক্ষণ সেশনগুলোতে অংশগ্রহণকারীদের শেখানো হবে কীভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হয় এবং জাহাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য-নথি বুঝতে হয়; কীভাবে জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের (ট্রান্সশিপমেন্ট) মাধ্যমে খুচরা বিক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত মাছের উৎস ও গতিপথ অনুসরণ করতে হয়; এবং কোনো কারিগরি প্রশিক্ষণ ছাড়াই কীভাবে প্ল্যাটফর্মের সরবরাহব্যবস্থার বিভিন্ন চিত্র ও সহজ ভাষায় প্রশ্ন করার সুবিধা ব্যবহার করে অনুসন্ধানী প্রশ্নের উত্তর খুঁজতে হয়।

এ ছাড়া, একই সরবরাহব্যবস্থায় নথিবদ্ধ অনিয়ম ও উদ্বেগের তথ্যের সঙ্গে কোম্পানিগুলোর শ্রমিক অধিকার ও টেকসই উৎপাদনসংক্রান্ত দাবির তুলনা করা; তথ্যের উৎস, অনুসন্ধান পদ্ধতি ও প্রমাণের সীমাবদ্ধতা বোঝা; এবং প্রতিশোধের ঝুঁকিতে থাকা গবেষক ও শ্রমিক অধিকারকর্মীদের জন্য নথিপত্র সুরক্ষিত রাখা ও তথ্যসূত্রের পরিচয় গোপন রাখার পদ্ধতিও শেখানো হবে।

এই টুলের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো সাংবাদিক, অধিকারকর্মী, গবেষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কোম্পানির টেকসই উন্নয়নবিষয়ক কর্মকর্তাদের জন্য একটি পূর্ণাঙ্গ তথ্যসূত্র তৈরি করা, যেখানে তারা প্রয়োজনীয় সব তথ্য ও উপকরণ এক জায়গায় পাবেন।

তথ্য-উপাত্ত ও অনুসন্ধানী উপকরণ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে দ্য আউটল ওশান প্রজেক্টের লক্ষ্য শুধু অনিয়ম ও অপরাধ উন্মোচন করাই নয়, বরং এমন স্বচ্ছতা নিশ্চিত করাও, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি ও সরকারকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।


Ian Urbina, Outlaw Ocean Project

ইয়ান উরবিনা দ্য আউটল ওশান প্রজেক্টের প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক নজরদারিমূলক সংস্থা, যা সমুদ্রকেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে কাজ করে। ফুড ফর ফিড প্রকল্পে কাজ করা আন্তর্জাতিক সাংবাদিক দলের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এই নিবন্ধটি তৈরি করেছেন।

 

 

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

পদ্ধতি

রিপোর্টারের নোটবুক: যারা নিজেকে আড়ালে রাখতে চান, তাদের খুঁজে বের করার কৌশল শিখুন

আপনার কাছে হয়তো কারও পুরোনো ফোন নম্বর, একটি নাম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো পোস্টের পেছনে থাকা একটি মুখের ছবি আছে। এই ধরনের বিচ্ছিন্ন সূত্র একত্র করে কোনো ব্যক্তির বিস্তারিত তথ্যভান্ডার তৈরি করতে হলে একটি সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করতে হয়।

অনুসন্ধান পদ্ধতি পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভিজ্যুয়াল অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন হবে, জানালেন নিউইর্য়ক টাইমসের মালাকি ব্রাউন

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার টুলগুলো কনটেন্ট তৈরির টুলগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এটি এখন অনেকটা অস্ত্র প্রতিযোগিতার মতো হয়ে উঠছে। আগামী দিনে এআই কনটেন্ট আরও বেশি দেখতে পাওয়া যাবে। এর ফলে এ ধরনের কনটেন্টের ওপর মানুষের আস্থা আরও কমতে থাকবে।

টেকসইতা পদ্ধতি

সাংবাদিকতার প্রভাব পরিমাপ — আমরা নতুন যা জানি

সব সংবাদমাধ্যমই চেষ্টা করে তাদের রিপোর্টিংয়ের মাধ্যমে সমাজে প্রভাব তৈরির জন্য। কিন্তু এই প্রভাব পরিমাপ করার ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলো ব্যবহার করে একেক ধরনের সূচক। পড়ুন, এ নিয়ে সাম্প্রতিক গবেষণার মাধ্যমে নতুন কী জানা গেছে।

CORRECTIVE Secret Master Plan Against Germany investigation

পদ্ধতি

আন্ডারকভার রিপোর্টিংয়ের মাধ্যমে জার্মানির চরম ডানপন্থী দলের গোপন বৈঠকের তথ্য উন্মোচন

ছদ্মবেশে জার্মানির চরম ডানপন্থী দলগুলোর গোপন বৈঠকে ঢুকে পড়েছিলেন কারেক্টিভের রিপোর্টার। সেখান থেকে তিনি জানতে পারেন: কীভাবে জার্মানি থেকে লাখ লাখ মানুষকে বের করে দেওয়ার পরিকল্পনা চলছে। পড়ুন, অনুসন্ধানটির নেপথ্যের গল্প।